আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার অপসারণ

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার অপসারণ
ছবি: আমার দেশ।

ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ) সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে এজেন্টের ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জেসমিন আরাকে অপসারণ করা হয়েছে। তার পরিবর্তে কালীগঞ্জ শহীদ নুর আলী কলেজের প্রভাষক শামসুজ্জামান খানকে নতুন প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রিটার্নিং অফিসার ও ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে এমন দায়িত্বহীন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এর আগে বুধবার রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট উদ্ধারের ঘটনা ঘটে। ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা।

ঘটনার পর কেন্দ্রটি পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং অফিসার ও কালীগঞ্জের ইউএনও রিজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে কেন্দ্রে গিয়ে ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ করা হয়েছে এবং সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি বলেন, এসব রেজাল্ট শিট নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব ফেলবে না।

সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ জানান, ঘটনাস্থলে গিয়ে মানুষের জটলা দেখে বিষয়টি সম্পর্কে অবগত হন। পরে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে অপসারণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন