আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই রংপুরে, স্বাভাবিক জনজীবন

আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই রংপুরে, স্বাভাবিক জনজীবন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব পড়েনি রংপুরে। সকাল থেকেই স্বাভাবিক রয়েছে নগরীর জনজীবন। খোলা রয়েছে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট। চলাচল করছে দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন। তবে যানবাহনের চাপ বাড়ায় নগরীর জাহাজ কোম্পানি মোড়ে দেখা দিয়েছে যানজট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে। প্রতিদিনের মতোই ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছেন ব্যবসায়ীরা। কোথাও লকডাউনের তেমন কোনো প্রভাব চোখে পড়েনি।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ফেসবুকে পুরোনো ভিডিও ও ছবি ছড়িয়ে দিতে দেখা গেছে। এসব পোস্টের ক্যাপশনে ১৯ নভেম্বরের লকডাউন সফল করার লক্ষ্যে বিক্ষোভের কথা উল্লেখ করা হয়েছে। তবে বাস্তবে তাদের কোনো কার্যক্রম চোখে পড়েনি। এমনকি মাঠে কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি।

অন্যদিকে, আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে মাঠে রয়েছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পাহারা দিয়েছেন তাঁরা। পাশাপাশি বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেছেন দলগুলোর নেতাকর্মীরা।

নগরীর এক অটোরিকশাচালক রহিম মিয়া বলেন, সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। দুপুর পর্যন্ত আল্লাহর রহমতে ৫০০ টাকা ভাড়া পেয়েছেন। শহরে মানুষের চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাবই তিনি বুঝতে পারছেন না।

নগরীর জাহাজ কোম্পানি মোড়ে কথা হয় ব্যবসায়ী সানু মিয়ার সঙ্গে। তিনি বলেন, প্রতিদিনের মতোই সকালে দোকান খুলেছেন। দোকানে ক্রেতাদের উপস্থিতিও রয়েছে। বরং অন্যান্য দিনের তুলনায় আজ ক্রেতা কিছুটা বেশি।

সব মিলিয়ে আওয়ামী লীগের ডাকা লকডাউনে রংপুরের জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি। স্বাভাবিক নিয়মেই চলছে নগরীর দৈনন্দিন কার্যক্রম।

পুলিশ জানায়, রংপুর মহানগরীতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

তবে এর আগে বুধবার দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া বৃহস্পতিবার ভোররাতে নগরীর টার্মিনাল এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনার পর আর কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন