চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নে অস্তিত্বহীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিসিআইসি সার ডিলারশিপ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। যে প্রতিষ্ঠানের নামে ডিলারশিপ দেওয়া হয়েছে, বাস্তবে এলাকায় তার কোনো দৃশ্যমান দোকান বা ব্যবসায়িক কার্যক্রম নেই। অথচ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকায় স্থান পেয়েছে এ প্রতিষ্ঠানটি।
বিতর্কিত ওই প্রতিষ্ঠানের নাম ‘জারা-ফারা এগ্রো’। এর মালিক জামবাড়ীয়া ইউনিয়নের হেলাচী গ্রামের মো. টুটুল মিয়া। তিনি মূলত সপরিবারে রাজশাহীতে বসবাস করেন।
সরেজমিনে বড়গাছী বাজারে জারা-ফারা এগ্রোর কোনো সাইনবোর্ড বা গুদাম খুঁজে পাওয়া যায়নি। আবেদনে উল্লেখিত গুদামের ঠিকানায় গিয়ে দেখা যায়, সেখানে ‘মেসার্স মা ট্রেডার্স’ নামে অন্য একটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ওই দোকানের বর্তমান ভাড়াটিয়া আরিফুল ইসলাম লালটু জানান, ছয় বছর ধরে দোকানটি ভাড়া নিয়ে তিনি ব্যবসা করছেন।
বড়গাছী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিঠু জানান, টুটুল মিয়ার স্ত্রী রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক হওয়ায় তারা রাজশাহীতেই থাকেন। বাজারে জারা-ফারা এগ্রো নামে কোনো প্রতিষ্ঠান নেই এবং সারের ব্যবসার সঙ্গে টুটুল মিয়ার আগে কোনো সম্পৃক্ততা ছিল না।
এদিকে ডিলারশিপ বঞ্চিত মেসার্স মাহী এন্টারপ্রাইজের মালিক মেহেদী হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে লাইসেন্স নিয়ে সার ও কীটনাশক বিক্রি করছি। আমার পর্যাপ্ত গুদাম ও বৈধ কাগজপত্র থাকার পরও ডিলারশিপ পাইনি। অথচ যার কোনো দোকানই নেই, তিনি ডিলারশিপ পেয়ে গেলেন।’
জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরাও এলাকায় ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই বলে নিশ্চিত করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জারা-ফারা এগ্রোর মালিক টুটুল মিয়া বলেন, ‘নীতিমালা মেনেই আবেদন করে ডিলারশিপ পেয়েছি।’ তবে অস্তিত্বহীন দোকানের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি ফোনে কথা বলতে অস্বীকৃতি জানান।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী বলেন, ‘আমরা নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করে ওই ইউনিয়ন থেকে তিনজনের নাম জেলা কমিটিতে পাঠিয়েছিলাম। মন্ত্রণালয় থেকে টুটুল মিয়াকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে বক্তব্য জানতে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

