বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলু বলেছেন, বর্তমানে তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা।
ওয়ান ইলেভেনের সরকার জিয়া পরিবার ও তারেক রহমানকে অমানবিক নির্যাতন করেছিল। ওই সময় চরম অসুস্থতা নিয়ে তিনি লন্ডনে চিকিৎসার জন্য যান। দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকে ঐতিহাসিকভাবে বরণ করেছিল।
এই ঐতিহাসিক বরণ ও গণসংবর্ধনা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এ দেশের মানুষের আস্থা, ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক।
বৃহস্পতিবার রাতে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক নগরী চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতি অফিসে মতবিনিময় সভায় এবং চৌমুহনী করিমপুরে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ব্যবসায়ী আবুল কাশেম মিয়া, ব্যবসায়ী হোসেন মোহাম্মদ ফারুক, ব্যবসায়ী হাজি মইন উদ্দিনসহ আরও অনেকে।
এদিকে বৃহস্পতিবার রাতে করিমপুরে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি নেত্রী শামীমা লাকি, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী, চৌমুহনী বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, মহসিন আলম প্রমুখ।
বরকত উল্লাহ বুলু আরও বলেন, বাংলাদেশের সব উন্নয়ন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। তাদের অবদানে বাংলাদেশের কোটিরও বেশি মানুষ প্রবাসে চাকরিরত আছে। এই রেমিট্যান্সের কারণেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে।
তিনি বলেন, বিএনপি এমন একটি দল, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানের কাছে নিরাপদ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে এ দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

