সৈয়দপুর বিমানবন্দরকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুর বিমানবন্দরকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে সৈয়দপুরের কৌশলগত গুরুত্ব এবং এ অঞ্চলের শিল্প-বাণিজ্যিক সম্ভাবনার কারণেই সরকার সৈয়দপুর বিমানবন্দরকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এছাড়া এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার সিদ্ধান্ত সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আফরোজা খানম রিতা জানান, প্রধানমন্ত্রী যেসব এলাকায় বিমানবন্দর স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সব প্রকল্প একসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয়, আস্তে আস্তে সবই করা হবে।

মন্ত্রী বলেন, দেশের ও জনগণের স্বার্থ, যাত্রীসেবার চাহিদা এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করেই বিমানবন্দর উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বিমানবন্দর সম্প্রসারণে জমি অধিগ্রহণের বিষয়ে তিনি বলেন, ঈদুল আযহার পর এ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় বিমানবন্দরে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুবদলের আহ্বায়ক তারিক আজিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা ও সংক্ষিপ্ত মতবিনিময় শেষে মন্ত্রী সড়কপথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন