আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রীপুরে প্রকাশ্যে বিএনপি নেতার চাঁদা আদায়, পরে বহিষ্কার

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

শ্রীপুরে প্রকাশ্যে বিএনপি নেতার চাঁদা আদায়, পরে বহিষ্কার

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে রাম দা নিয়ে মহড়া দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এমসি বাজার দখল করে চাঁদা তুলেছে একটি সংঘবদ্ধ দল। ওই দলে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। তিনি এখন থেকে বাজার নিয়ন্ত্রণ করবেন বলে সেখানে হ্যান্ড মাইকিংয়ে প্রকাশ্যে বক্তব্যে দিয়েছেন। এ সময় বাজারে আতঙ্ক তৈরি করার জন্য ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এতে বাজারে ব্যবসায়ীসহ জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

এই ঘটনার একটি ভিডিও শনিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। উপজেলার এমসি বাজারে শনিবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে।

বাজার থেকে প্রকাশ্যে চাঁদা তোলা ওই ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম (৪০)। তিনি তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্ৰামের নুরুল ইসলামের ছেলে। জাহাঙ্গীর শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। এ ঘটনায় ১ ঘণ্টা পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে জাহাঙ্গীর আলম বলেন, আমি বাজারে এসেছি আপনাদের সহযোগিতা করতে। আজকের পর থেকে এ বাজারের সবকিছু আমি কন্ট্রোল করবো। কে ডাকছে, কে না ডাকছে, সেটা আমার জানার বিষয় নয়। আমার নেতৃত্বে এ বাজার চলবে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন বেঁচে থাকব, ততদিন পর্যন্ত এ বাজার আমার নেতৃত্বে চলবে। আপনাদের আমি বলছি দোকানদার ভাইয়েরা। আজকে থেকে আপনারা খাজনা দেয়া শুরু করে দেন।

এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠাবে। কেউ বাধা সৃষ্টি করলে তাকে কঠিনভাবে প্রতিহত করবো। তাকে অনেক খেসারত দিতে হবে। তাই সকলকে অনুরোধ করে বলছি, আপনারা কেউ এ কাজে এসে বাধা দেবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। আপনারা কেউ ভয় পাবেন না।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মাথায় লাল গামছা পেঁচিয়ে বিকাল পৌনে ৪টার দিকে জাহাঙ্গীর ও তার লোকজন বাজারে আসেন। তারা এমসি বাজার ইউটার্ন থেকে মহাসড়কে মিছিল নিয়ে বাজারের উত্তর পাশে স্বপ্নপুরী হোটেলের সামনে এসে জড়ো হয়। সেখানে একটি প্লাস্টিকের চেয়ারে দাঁড়িয়ে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। চাঁদা তোলার সময় জাহাঙ্গীর আলমের সঙ্গে অন্তত ৪০ জন ছিলেন। তাদের বেশিরভাগের হাতে ছিল রাম দা, লোহার রড, ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র। তারা আচমকা বাজারে এসে বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দিয়ে চাঁদা তোলা শুরু করে। ব্যবসায়ীদের কাছ থেকে ৩০০ থেকে ১০০০ টাকা করে চাঁদা আদায় করেন তারা।

এ প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম বলেন, এগুলো কিছু না। দাও-টাও কিছু না। আমি টেহা পয়সা উঠাইছি না। এগুলো আরিফের লোক আইসা আমারে হেয় করার জন্য করছে। সে আমার বাড়ি ভাঙচুর করছিল, অফিস ভাঙচুর করছিল। পরে আজকে আমি তারে খুঁজতে গেছিলাম। তাকে না পেয়ে চলে আসি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ বিষয়ে অবগত হয়েছি। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন