খুলনা রেঞ্জের ডিআইজির হুঁশিয়ারি

পুলিশ নিয়োগে ঘুষ-তদবির ও দালালচক্রের প্রভাব বরদাস্ত করা হবে না

খুলনা ব্যুরো

পুলিশ নিয়োগে ঘুষ-তদবির ও দালালচক্রের প্রভাব বরদাস্ত করা হবে না
ছবি: খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক

পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো ধরনের ঘুষ, তদবির বা দালালচক্রের প্রভাব বরদাস্ত করা হবে না বলে আগাম হুঁশিয়ারি দিয়েছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. রেজাউল হক।

তিনি বলেন, পুলিশে চাকরি পেতে টাকা লাগে—এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। জমিজমা বিক্রি করে বা ধার করে কোনো দালালের হাতে টাকা তুলে দেবেন না।

বিজ্ঞাপন

বুধবার বেলা সাড়ে ১১টায় ডিআইজির কনফারেন্স রুমে প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ ও মেধাভিত্তিক রাখতে পুলিশের জিরো টলারেন্স নীতির কথাও তুলে ধরেন তিনি।

ডিআইজি জানান, নিয়োগ ঘিরে দালালদের তৎপরতা ঠেকাতে পুলিশের নিজস্ব গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কেউ অর্থের বিনিময়ে চাকরি নেয়ার চেষ্টা করলে এবং তা তিন বছরের মধ্যে প্রমাণিত হলে তার চাকরি বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে প্রতারণার অভিযোগে কয়েকজন দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম প্রার্থীদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, যোগ্যতা থাকলে এতিম ও অসহায় প্রার্থীরাই অগ্রাধিকার পাবে। তাদের জন্য কোনো তদবিরের প্রয়োজন নেই—মেধাই হবে একমাত্র যোগ্যতা।

এবারের নিয়োগে তীব্র প্রতিযোগিতার চিত্র তুলে ধরে ডিআইজি বলেন, খুলনা রেঞ্জে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৪ হাজার ৬৬৫ জন প্রার্থী আবেদন করেছেন। কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্যপদ পূরণ করা হবে বলে তিনি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...