আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঝিনাইদহের ছয় উপজেলা

এসএসসির আগেই বিয়ের পিঁড়িতে ২১৩ কিশোরী

টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ)

এসএসসির আগেই বিয়ের পিঁড়িতে ২১৩ কিশোরী

চলতি বছর এসএসসি পরীক্ষার আগেই ঝিনাইদহ জেলায় ২১৩ কিশোরী বিয়ের পিঁড়িতে বসেছে। অভিভাবকরা তাদের ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয়নি। জেলা শিক্ষা অফিস থেকে পাঠানো এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার সময় এক জরিপে বাল্যবিয়ের এমন চিত্র উঠে এসেছে। ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ৬ উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন এ জরিপ করে।

বিজ্ঞাপন

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, এ বছর এসএসসি পরীক্ষায় বালকের অনুপস্থিতি ছিল ৬৬ ও বালিকা রয়েছে ২০৪ জন। এই পরীক্ষায় ২০৪ জনের মধ্যে অনুপস্থিত ১৭৪ কিশোরীর বিয়ে হয়ে গেছে। এ ছাড়া দাখিল পরীক্ষায় ৩৩ ছাত্রী ও ভোকেশনাল পরীক্ষায় ৬ ছাত্রীর বিয়ের তথ্য পেয়েছে শিক্ষা বিভাগ।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, বাল্যবিয়ে ঠেকানো দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। প্রশাসনের নজরদারি এড়িয়ে গোপনে কিশোরীদের বিয়ে দেওয়া হচ্ছে। এসএসসির জন্য ফরম পূরণ করেও তারা পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল। বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির তৎপরতা থাকলেও বিয়ে ঠেকাতে হিমশিম খাচ্ছে। বিভিন্ন সংগঠন সরকারের নানা প্রকল্পের টাকায় বাল্যবিয়ে ঠেকানোর কর্মসূচি হাতে নিলেও কোনো কাজ হচ্ছে না।

এ নিয়ে কাজ করা রুরাল ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী প্রধান আব্দুর রহমান জানান, কমিটির এক সভায় নারী শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাওয়ার বিষয়টি তোলা হয়। ওই সভায় ঝিনাইদহ জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। সে মোতাবেক ঝিনাইদহ জেলা শিক্ষা অফিস ৬ উপজেলায় জরিপ চালিয়ে বাল্যবিয়ের এমন তথ্য পায়। বাল্যবিয়ে রোধ করতে না পারা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের।

ঝিনাইদহ জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা বলেন, বাল্যবিয়ের বিষয়ে প্রশাসনের বিন্দুমাত্র গাফিলতি নেই। গোপনে ও স্থান পরিবর্তন করে বিয়ে দেওয়ার কারণে এসব খবর আমরা জানতে পারি না।

জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আফরোজা পারভীন বলেন, জন্মনিবন্ধনে বয়স বাড়িয়ে গ্রামাঞ্চলে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর আমরা জানতে পারি। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হলেও কিশোরীকে গোপনে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ২০২৪ সালে ঝিনাইদহ জেলার ৬ উপজেলায় ২৫৭ এসএসসি পরীক্ষার্থী বিয়ের পিঁড়িতে বসে। গত বছরের তুলনায় চলতি বছর এ হার কিছুটা কমেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন