ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালের সঙ্গে ঝুলে ছিল এক সেনা সদস্যর লাশ। বৃহস্পতিবার উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ে লাশটি ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া ওই সেনা সদস্যর নাম সাকিব মিয়া (১৮)। তিনি পার্শ্ববর্তী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরকাটিহারি গ্রামের মোস্তাফা মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা নিধিয়ারচর গ্রামের নদের পাড়ে একটি গাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলতে দেখেন। পরে স্থানীয়রা গফরগাঁও থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে ঘটনাস্থলে ছুটে আসেন নিহত সেনা সদস্য সাকিবের পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন।
নিহতের দাদা রতন মিয়া জানান, সাকিব তিন মাস পূর্বে সেনাবাহিনীতে যোগ দেয়। যোগদানের ১০দিন পর কর্মস্থলে থাকা অবস্থায় সে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। পরে পরিবারের লোকজনকে ডেকে নিয়ে সাকিবকে তাদের হাতে তুলে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর বাড়িতেই সাকিবের চিকিৎসা চলছিল। এ অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই তাকে খোঁজাখুছি চলছিল।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) মশিউর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

