শীর্ষ ফেভারিট না হওয়াই ব্রাজিলের জন্য সুবিধা: ক্যাসেমিরো

স্পোর্টস ডেস্ক

শীর্ষ ফেভারিট না হওয়াই ব্রাজিলের জন্য সুবিধা: ক্যাসেমিরো

২০০২ সালের পর দীর্ঘ দুই দশক পেরিয়ে গেলেও আর বিশ্বকাপ ট্রফি ছোঁয়া হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। এমনকি সর্বশেষ আসরগুলোতেও তাদের বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। তবে এবার অতীত ব্যর্থতা ভুলে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে আরো একবার বড় আশা নিয়ে যুক্তরাষ্ট্রে পা রেখেছে সেলেসাওরা।
১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ২৩তম আসর সামনে রেখে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে কার্লো আনচেলত্তির দল। তবে এবারের আসরে বুকমেকারদের ফেভারিটের তালিকায় ব্রাজিল শীর্ষে নেই। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স ও ইংল্যান্ডের পেছনে রাখা হয়েছে তাদের। তবে এটিকে দলের জন্য সুবিধাজনক ও চাপমুক্ত থাকার উপায় হিসেবেই দেখছেন ব্রাজিল তারকা মিডফিল্ডার ক্যাসেমিরো।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ফিফার মিডিয়া চ্যানেলের মুখোমুখি হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকা বলেন, ‘আমরা সবচেয়ে বড় ফেভারিট নই। সম্ভবত এবার আমরা এক ধাপ পিছিয়ে আছি। তবে অবশ্যই আমরা ভালো অবস্থায় আছি। আমাদের শক্তিশালী স্কোয়াড রয়েছে, যেখানে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সুন্দর সমন্বয় আছে। আমরা সতর্ক ও প্রস্তুত আছি, আর সেটি সব সময়ই ভালো বিষয়।’
বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিলের পারফরম্যান্স ও মাঠের বাইরের পরিস্থিতি বেশ কঠিন ছিল উল্লেখ করে ৩৪ বছর বয়সি এই অভিজ্ঞ ফুটবলার বলেন, দল একটি ‘কঠিন চক্র’ পার করে এসেছে। গত বছর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের নতুন সভাপতি নির্বাচন এবং কোচ হিসেবে কার্লো আনচেলত্তির যোগদানের ফলে দলে বেশ কিছু পরিবর্তন ও অস্থিরতা তৈরি হয়েছিল।
তবে নতুন কোচের অধীনে ব্রাজিল দল এখন অনেক গোছানো ও ভারসাম্যপূর্ণ বলে দাবি করেন ক্যাসেমিরো। তিনি বলেন, ‘আমরা মাত্র এক বছর ধরে এই ম্যানেজারের সঙ্গে কাজ করছি এবং বাস্তবে একসঙ্গে মাত্র ৪০ দিনের মতো কাটানোর সুযোগ হয়েছে। তবে ফুটবলে তার অসাধারণ অভিজ্ঞতা রয়েছে। আমার মনে হয়, আমরা শক্ত অবস্থাতেই টুর্নামেন্টে প্রবেশ করব। প্রতিযোগিতার জন্য আমাদের দল খুব ভালো ভারসাম্যপূর্ণ।’
এবারের বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আনচেলত্তির শিষ্যরা গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে। ১৪ জুন খেলবে মরক্কোর বিপক্ষে। ২০ জুন তাদের প্রতিপক্ষ হাইতি। আর ২৫ জুন ব্রাজিলের মুখোমুখি হবে স্কটল্যান্ড।
শীর্ষ ফেভারিটের তকমা ছাড়া একপ্রকার চাপহীনভাবে মাঠে নেমে ব্রাজিল এবার তাদের দীর্ঘ ২৪ বছরের বিশ্বকাপখরা কাটাতে পারে কি না- সেটাই এখন দেখার বিষয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...