কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে একটি মোটরসাইকেল গ্যাং চট্টগ্রাম শহরে ফিরছিল। তারা প্রায় গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেলেও রুট পরিবর্তন করে বিকল্প পথ দিয়ে শহরে প্রবেশের চেষ্টা করে। তবে র্যাবের অভিযানে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের পটিয়া পৌরসভার তাজবাংলো এলাকা থেকে প্রায় ১ লাখ ইয়াবাসহ ছয়জনকে আটক এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করে র্যাব। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ইয়াবা পরিবহনকারী একটি মোটরসাইকেল গ্যাং কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছে। মোটরসাইকেলগুলো পটিয়া বাইপাস সড়ক ব্যবহার না করে ভেতরের সড়ক দিয়ে চলাচল শুরু করলে তাদের গতিবিধি গোয়েন্দা তথ্যের সঙ্গে মিলে যায়। পরে নিশ্চিত হয়ে পটিয়া পৌরসভার তাজবাংলো এলাকায় মোটরসাইকেলগুলো থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের বিষয় দুপুরে প্রেস ব্রিফিং করা হবে বলে র্যাব জানায়।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ এবং ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

