প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে যে রাজনীতি ছিল তার পরিবর্তন করতে চায় সরকার। অধিকার প্রতিষ্ঠায় সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমেছিল; তাই ২৪-এর গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার দুপুর ১টার দিকে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সবাইকে নিয়ে ঐক্য গড়তে চায় সরকার, কিন্তু একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, সব এলাকার উন্নয়ন রাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্য বিবেচনায় নিয়ে সুষমভাবে করতে চায় সরকার। এর অংশ হিসেবে রংপুর মহানগরীর উন্নয়নে গত দুই সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এ ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে রংপুর জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেন সরকারপ্রধান। এর মধ্যে সেতু, কালভার্ট, স্কুল ও কলেজ নির্মাণের উদ্যোগও রয়েছে।
তারেক রহমান বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে। ভবিষ্যতেও যেন সবাই শান্তিতে বসবাস করতে পারে, সে পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুরের পাগলাপীরে পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সৈয়দপুর থেকে রংপুরের সড়কের দুইপাশে ভিড় করেন নেতাকর্মীসহ সাধারণ মানুষ। কয়েক কিলোমিটার সড়কজুড়ে দেখা যায় উৎসুক জনতার উপস্থিতি।
এ সময় হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তারা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


