ঝালকাঠি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

ঝালকাঠি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ এবং এই রোগের ঝুঁকি কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। একই সঙ্গে ঝালকাঠি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি ডায়াবেটিক সমিতির আয়োজনে সমিতির সভাকক্ষে নির্মাণাধীন সৈয়দ মোয়াজ্জেম জেনারেল ও ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আক্রান্তদের একটি বড় অংশ রোগটি সম্পর্কে জানেন না। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে। রোগের জটিলতা দেখা দেওয়ার আগেই ডায়াবেটিস শনাক্ত করা গেলে যথাযথ পদক্ষেপ নেওয়া সম্ভব।

তিনি বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ‘থ্রি ডি’ বা তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো হলো ডিসিপ্লিন (শৃঙ্খলা), ডায়েট (সুষম খাদ্যাভ্যাস) ও ড্রাগ (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ)। নিয়ম মেনে চলা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। একই সঙ্গে রোগটি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছেন। সরকার স্বাস্থ্যসেবাকে আরও বেশি প্রতিরোধমূলক ও জনমুখী করতে চায়। শুধু রোগ হওয়ার পর চিকিৎসা দেওয়ার পরিবর্তে রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা জোরদার এবং স্বাস্থ্য হাব গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগের কারণে দেশে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে। মোট মৃত্যুর প্রায় ৭১ থেকে ৭৩ শতাংশ অসংক্রামক রোগের সঙ্গে সম্পর্কিত। এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা জরুরি। মানুষকে সচেতন করে সুস্থ জীবনযাপনে অভ্যস্ত করতে হবে, যাতে রোগের ঝুঁকি কমানো যায়।

ঝালকাঠি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নের বিষয়ে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, হাসপাতালটির উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করা হবে। এ জন্য তিনি হাসপাতালটির উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সঙ্গে মানুষকে সম্পৃক্ত করে ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আককাস সিকদার।

ঝালকাঠি ডায়াবেটিক সমিতির সভাপতি মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে সভায় সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন