অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে শিবির ও ছাত্রদলের বিক্ষোভ

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে শিবির ও ছাত্রদলের বিক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) প্রথম জানাজা শেষে ‘জাস্টিস জাস্টিস’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা সম্পন্ন হওয়ামাত্রই মাঠ থেকে ছাত্রশিবির ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিলটি কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু হয়ে কুবির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ‘জাস্টিস জাস্টিস’, ‘অপ্রতিম হত্যার বিচার চাই’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।

বিক্ষোভ মিছিল থেকে বক্তারা অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে প্রশাসনিকভাবে কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের পেছনে থাকা প্রকৃত ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে এবং জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্যাম্পাস ও পুরো কুমিল্লা অঞ্চলে শিক্ষার্থী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন