কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার লিফন মিয়া (৩২) নামের এক তরুণ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কাতারের সমুদ্র উপকূলীয় এলাকা সিমাল শহরে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের কাতার প্রবাসী লিফন মিয়া প্রতিদিনের মতো ১৭ জুন বুধবার কাতারের সমুদ্র উপকূলীয় এলাকা সিমাল শহরে ওয়েল্ডিং এর কাজ করতে যান। ধাতব রড দিয়ে মাছের খাঁচা তৈরির সময় অসাবধানবশত বিদ্যুতের লাইনে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরে তার লাশ হাসপাতালে পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য পুলিশী হেফাজতে হাসপাতালের হিমাগারে রয়েছে।
মৃত্যুর খবর দেশের বাড়ীতে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শোকের মাতম বিরাজ করছে।
নিহত প্রবাসীর স্ত্রী আফিয়া বেগম আমার দেশকে কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্বামীকে বিদেশে পাঠিয়ে আমার পরিবার ঋনগ্রস্থ। আমরা অসহায়। একমাত্র উপার্জনক্ষম মানুষ আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
আমাদের দুই কন্যা শিশু নিহা (৬) ও মাহিয়া (২) এতিম হয়ে গেলো। নিহত প্রবাসীর চাচাতো ভাই শাকিল আহমদ জানান ময়নাতদন্তসহ সকল আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে এসে কবে পৌঁছাবে এখনো জানা যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

