আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপিতে শ্যালক-দুলাভাইসহ তিন, জামায়াতে ইসলামীর একক প্রার্থী

ইউসুফ আলী, জামালপুর

বিএনপিতে শ্যালক-দুলাভাইসহ তিন, জামায়াতে ইসলামীর একক প্রার্থী

ব্রহ্মপুত্র নদ বিধৌত জামালপুর সদরের বিস্তীর্ণ চরাঞ্চল নিয়ে গঠিত জামালপুর-৫ (সদর) আসনটি এক সময়ে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা পলাতক রয়েছেন। এ আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আছেন বিএনপি থেকে আপন দুলাভাই ও শ্যালক ছাড়াও সংরক্ষিত আসনের সাবেক এক মহিলা এমপি।

বিজ্ঞাপন

জামায়াতের একক প্রার্থীসহ অন্য দলের সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় সরব হয়ে ওঠেছে গুরুত্বপূর্ণ এই আসনের ভোটের মাঠ। জেলার বৃহত্তম এই আসনটিতে দলীয় রাজনৈতিক কর্মসূচির বাইরে সম্ভাব্য প্রার্থীরা যোগ দিচ্ছেন বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে।

স্বাধীনতার পর ১৯৭৩ থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত এ আসনে দুবার বিএনপি, পাঁচবার আওয়ামী লীগ, একবার জাতীয় পার্টি বিজয় লাভ করে। ১৯৯১ সালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক এই আসন থেকে বিজয় লাভ করে স্বাস্থ্য উপমন্ত্রীর দায়িত্ব পান। এ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটির সদস্য, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। এই আসন থেকে তিনি টানা চারবার অর্থাৎ ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু শুধু ’৯১ সালে বিজয়ী হয়েছিলেন।

এ আসনে অপর গুরুত্বপূর্ণ মনোনয়নপ্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর পৌরসভার দুবারের সাবেক মেয়র অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি ২০১৮ সালের নির্বাচনে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তবে দিনের ভোট রাতে হওয়ায় ভোটের দিন তিনি ভোট বর্জন করেছিলেন। ২০০৮ সালের নির্বাচনের পর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রী নিলুফার চৌধুরী মনি। তিনি এই আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী। বিভিন্ন টেলিভিশনে টকশোতে অংশগ্রহণ করে ব্যাপক পরিচিতি লাভ করেছেন তিনি। প্রায়ই তিনি জামালপুরে দলীয় বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থেকে নেতাকর্মীদের তার পক্ষে টানার চেষ্টা করছেন। ভোটারদের সামনে নিজেকে তুলে ধরছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

সিরাজুল হক সমর্থক বিএনপির নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিন এ আসন থেকে তিনি নির্বাচন করায় দলের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার রয়েছে সুসম্পর্ক। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। বিএনপির অপর প্রার্থী সিরাজুল হকের আপন শ্যালক শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি আওয়ামী লীগ আমলেও জামালপুর পৌরসভার মেয়র নির্বাচন করে দলীয় এবং ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে মেয়র নির্বাচিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। তার সমর্থক বিএনপির নেতাকর্মীরা মনে করেন মামুন দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে তাদের মনোবল শক্ত রেখেছেন। সাংগঠনিক তৎপরতা জোরদার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। কর্মী ও ভোটারদের মধ্যে রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা।

এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার। দলীয় একক প্রার্থী হিসেবে তিনি গ্রামে-গঞ্জে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। দক্ষ সংগঠক ও সৎ মানুষ হিসেবে তার পরিচিতি রয়েছে।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এ আসনে জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে গণসংযোগ করছেন। তিনি ইতোমধ্যেই কয়েক দফা সংবাদ সম্মেলন করে এবং প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ করে নিজেকে শক্ত প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন।

আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন এই আসনে দলীয় প্রার্থী হিসেবে সভা-সমাবেশ ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি এ আসনে ভোটারদের মন জয় করতে কাজ করে যাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল এ আসনে মনোনয়নপ্রত্যাশী, তিনিও গণসংযোগ করছেন।

বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নেতা ও জেলা শাখার সভাপতি আবু সায়েম মো. সা’আদাত উল করীম জামালপুর সদর আসন থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করে প্রচারণা চালাচ্ছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ব্যানার, পোস্টার লাগিয়ে নিজেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন।

তবে এ আসনে রাজনৈতিকভাবে কোণঠাসা জাতীয় পার্টির নেই কোনো কর্মকাণ্ড। গণঅধিকার পরিষদ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কমিটি গঠিত হলেও নির্বাচনি মাঠে নেই কোনো তৎপরতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন