মাদারগঞ্জে দুই মাসে

২৬ ট্রান্সফরমার চুরির ঘটনায় আরো এক যুবক গ্রেপ্তার

 ২৬ ট্রান্সফরমার চুরির ঘটনায় আরো এক যুবক গ্রেপ্তার
ছবি: আমার দেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই মাসে অন্তত ২৬টি ট্রান্সফরমার চুরির ঘটনায় শাকিল (২৭) নামে আরো এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিল ওই এলাকার ফরিদ মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী, বীর নাদাগাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ট্রান্সফরমার চুরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তার অন্য পাঁচজন হলেনÑবীর নাদাগাড়ী এলাকার জাকির প্রামাণিকের ছেলে নুরু মিয়া সুমন (২৮), মৃত আব্দুল খালেকের ছেলে সেলিম (৩২), মৃত কালু মন্ডলের ছেলে রবিনুর ইসলাম (২৮), চর নাদাগাড়ী এলাকার শুকুর আলীর ছেলে সুমন (২৮) এবং মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম এলাকার মৃত রাশেদ আলীর ছেলে রাসেল (২২)।

রাসেল মাদারগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ট্রান্সফরমার চোর চক্রের সদস্য শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। চক্রটির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২ জুলাই থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে মাদারগঞ্জ জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে জুলাই মাসে ছয়টি, আগস্ট মাসে ১৭টি এবং সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে তিনটি ট্রান্সফরমার চুরি হয়।

চুরি হওয়া ট্রান্সফরমারের বেশির ভাগই বালিজুড়ী ও জোড়খালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেওয়া হয়েছে। এসব ট্রান্সফরমারের বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন