খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি এ হাসপাতালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, রাত সাড়ে ৯টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্ট থেকে শব্দ হয়, এরপর আগুনের সূত্রপাত হয়। তারপর ধোঁয়া সারা ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে অংশ নেন স্থানীয়রা। হাসপাতালে থাকা রোগীদের যেন কোনো রকমের শ্বাসকষ্ট না হয়, সেজন্য ভবনের গ্লাসগুলো ভেঙে ফেলা হয়।
রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাত সোয়া ১২টা পর্যন্ত ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা ডাম্পিংয়ের (নির্বাপণ) কাজ করছেন। এদিকে ভবনের বিভিন্ন তলায় থাকা রোগী ও তাদের স্বজনদের ক্রেনের মাধ্যমে নামানো হয়। মুমূর্ষু রোগীদের অ্যাম্বুলেন্সে করে নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বলেন, আমাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে আগুনের ঘটনায় হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


