সীতাকুণ্ডে লরিচাপায় নিহত আইআইইউসি শিক্ষার্থী, আলটিমেটামের তিন দিনের মাথায় গ্রেপ্তার চালক

সীতাকুণ্ডে লরিচাপায় নিহত আইআইইউসি শিক্ষার্থী, আলটিমেটামের তিন দিনের মাথায় গ্রেপ্তার চালক
ছবিতে বামে আটক চালক মো. রিয়াজ উদ্দিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার আলটিমেটামের তিন দিনের মাথায় চালক মো. রিয়াজ উদ্দিন (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ও জেলা ডিবির বিশেষ দল।

বিজ্ঞাপন

সীতাকুণ্ড থানার এসআই কামরুজ্জামান আমার দেশকে বলেন, সীতাকুণ্ড থানা ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ বিশেষ দল অভিযান চালিয়ে পাঁচলাইশ এলাকা থেকে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ ও যাচাই শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা দুটি লরির মধ্যে একটি লরির চালক ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ উদ্দিন স্বীকার করেছেন। রিয়াজ উদ্দিন নোয়াখালী সদর থানার বাসিন্দা এবং মো. আবু তাহেরের ছেলে।

এরআগে, ৩ নভেম্বর সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিরায় আইআইইউসির প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় মিনিবাস উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাইশা মুশফিরাত।

তার মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সহপাঠীরা। নিরাপদ সড়ক ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে তারা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে প্রায় ছয় ঘণ্টা বিক্ষোভ করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ট্রেন চলাচল ব্যাহত হয়।

আন্দোলন থেকে শিক্ষার্থীরা আট দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে দুর্ঘটনায় জড়িত লরিচালক ও মালিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আলটিমেটাম ছিল অন্যতম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভারব্রিজ নির্মাণ, মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধ, নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)। শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন