টঙ্গীতে মাদরাসাছাত্রী ধর্ষণচেষ্টার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

টঙ্গীতে মাদরাসাছাত্রী ধর্ষণচেষ্টার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ
টঙ্গীর মিল গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। ছবি: আমার দেশ।

গাজীপুরের টঙ্গীতে মাদরাসাছাত্রী ধর্ষণচেষ্টার আসামিকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত মিলগেট এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, টঙ্গীর কলাবাগান জিন্নাত মহল্লার আলী ইনসাফ হাফিজিয়া মাদরাসার সাত বছর বয়সি এক ছাত্রী রোববার (১২ জুলাই) সকালে মাদরাসায় যাওয়ার সময় একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে বিপ্লব (৩০) তাকে চিপস খাওয়ানোর কথা বলে নিজের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বিপ্লব পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করা হয়। আসামি গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়রা শুক্রবার রাতে সড়ক অবরোধ করেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, রাত সোয়া ৯টার দিকে বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন