গাজীপুরে পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যার ঘটনায় তার সাবেক স্বামী মাসুদ রানাকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার অনন্তপুরচর ইউনিয়নের জলংগারকুটি (বুড়াবুড়ি) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত মাসুদ উলিপুর উপজেলার জলংগারকুটি (বুড়াবুড়ি) এলাকার ওমর মুন্সির ছেলে। ভুক্তভোগী রিশমা খাতুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেড়াকুল গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। হত্যাকাণ্ডের ঘটনার বেশ কিছুদিন আগে রিশমাকে তালাক দেন মাসুদ রানা।
র্যাব জানায়, ভুক্তভোগী রিশমা খাতুন ডিভোর্সের পর গাজীপুরের জয়দেবপুর থানাধীন মির্জাপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় মনিপুর এলাকার মেগা ডেনিম কারখানায় চাকরি করতেন।
গত সোমবার সকালে কর্মস্থলে যাচ্ছিলেন রিশমা খাতুন। পথে বিকেবাড়ি এলাকার আক্কাছ শিকদারের বাড়ির পাশে গেলে তার সাবেক স্বামী মাসুদ রানা রিশমা খাতুনকে পুনরায় বিবাহের প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে পেছন থেকে ধারালো চাকু দিয়ে পিঠের বাম পাশে আঘাত করে পালিয়ে যায় মাসুদ। পরে সহকর্মীরা রিশমাকে উদ্ধার করে স্থানীয় মনিপুর আল-মদিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিশমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হাকিম বাদী হয়ে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের এ কর্মকর্তা আরো জানান, ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করলে এর ছায়া তদন্ত শুরু করে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালায় র্যাব। পরে গোপন সংবাদে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি মাসুদ রানাকে কুড়িগ্রামের জলংগারকুটি বুড়াবুড়ি এলাকা থেকে শুক্রবার র্যাব-১৩ রংপুর সদর ক্যাম্পের সদস্যদের সহায়তায় মাসুদ রানাকে গ্রেপ্তার করে যৌথ টিম।
এ ঘটনা নিয়ে জয়দেবপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, গৃহবধূ পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যায় জড়িত গ্রেপ্তারকৃত মাসুদ রানাকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

