তাজমহল দেখার স্বপ্ন নিয়ে ভারতে গিয়ে জীবনের ১৮টি বছর হারিয়েছেন বাগেরহাটের মোংলার বাদল ফরাজী। নামের মিলের কারণে জড়িয়ে পড়েন হত্যা মামলায়। ভারতের আদালতে হয় যাবজ্জীবন কারাদণ্ড। ভারত থেকে দেশে ফিরেও মেলেনি মুক্তি।
তবে কারাগারের অন্ধকার জীবনেও থেমে থাকেনি পড়াশোনা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পেরিয়ে ভারতের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। অবশেষে ১৮ বছর পর ২৮ দিনের প্যারোলে পরিবারের কাছে ফিরেছেন বাদল। ছেলেকে কাছে পাওয়ার অপেক্ষায় অশ্রুসিক্ত মা। তবে সাময়িক মুক্তির পর কী হবে তাঁর ভবিষ্যৎ, তা নিয়ে উদ্বিগ্ন পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় তাজমহল দেখতে ভারতে যান বাদল। পরিবারের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও নামের মিলের কারণে ভারতের একটি হত্যা মামলায় আসামি হন তিনি।

দীর্ঘ আইনিপ্রক্রিয়া শেষে ২০১৫ সালের আগস্টে দিল্লির একটি আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
দিল্লির তিহার কারাগারে বন্দি থাকলেও পড়াশোনা চালিয়ে যান বাদল। কারাগারে থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ইগনু থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বন্দিজীবনের মধ্যেও শিক্ষার প্রতি তার এই অধ্যবসায় স্থানীয়দের মাঝে আলোচনায় এসেছে।
২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। স্বজনদের আশা ছিল, এবার হয়তো মুক্তি মিলবে। কিন্তু ভারত থেকে দেশে ফিরেও বন্দিজীবন কাটাতে হয় তাকে। প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয় বাদলকে।
অবশেষে দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে ২৮ দিনের প্যারোলে মুক্তি পান তিনি। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

বাদলের মুক্তির বিষয়ে মোংলা থানার ওসি আতিকুর রহমান আমার দেশকে জানান, প্যারোলসংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বাদলের বোন আকলিমা বেগমসহ পরিবারের সদস্যদের প্রত্যাশা, ২৮ দিনের সাময়িক মুক্তি যেন স্থায়ী মুক্তির পথ তৈরি করে। টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তালুকদার জিয়াদ হোসাইন বলেন, ‘বাদল আমার স্কুলের শিক্ষার্থী ছিল। স্কুলজীবনে লেখাপড়া ও খেলাধুলায় তিনি খুবই পারদর্শী ছিল। কারাগারে থেকেও সে যে শিক্ষা অর্জন করেছে, তা যেন বাংলাদেশের কল্যাণে কাজে লাগাতে পারে, সে বিষয়ে সরকার গুরুত্ব দেবে বলে আশা করি।’
তার মতে, দীর্ঘ বন্দিজীবনের পর বাদলের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি করা প্রয়োজন। স্থানীয় বাসিন্দারাও নামের মিলের কারণে একজন মানুষের জীবনের এতগুলো বছর কারাগারে কেটে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
তবে ২৮ দিনের প্যারোল স্থায়ী মুক্তি নয়। মেয়াদ শেষে বাদলের পরবর্তী আইনি অবস্থান কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি পরিবারের। তাদের একটাই প্রত্যাশা—সাময়িক মুক্তি নয়, দ্রুত আইনিপ্রক্রিয়া শেষে বাদলের স্থায়ী মুক্তি নিশ্চিত করা হোক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

