থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা গেল

থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকা ডুবে মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর ইতিমধ্যে আমার দেশে প্রকাশিত হয়েছে।

নিখোঁজ হওয়া পর্যটকের পরিচয়—নাম: মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪), পিতা: মো. হেলাল উদ্দীন, সাং: মাসকান্দা, ময়মনসিংহ।

বিজ্ঞাপন

ঘটনার অনুসন্ধানে জানা যায়, অদ্য আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে তিন্দু বাজার থেকে হিল টপ ট্রেকার নামক গ্রুপের মাধ্যমে ১৩ জন পর্যটক দুটি ইনজিন চালিত নৌকাযোগে সাওদাং পাড়ার উদ্দেশ্যে গমন করে। এ সময় তারা প্রথম নৌকায় ছয়জন এবং দ্বিতীয় নৌকায় সাতজন নিয়ে রওনা করে। প্রথম নৌকায় ছয়জন সুস্থভাবে বাঘের মুখে পৌঁছে সাওদাং পাড়ার উদ্দেশে রওনা হয়ে গেলেও বাকি সাতজনের নৌকাটি রাজাপাথর এলাকায় সাঙ্গুর স্রোতে পাথরের ধাক্কায় উল্টে যায়।

এ সময় সাতজনের নৌকায় ছয়জনের সঙ্গে লাইফ জ্যাকেট থাকলেও একজন লাইফ জ্যাকেট ছাড়া ছিল মর্মে জানা যায়।লাইফ জ্যাকেট থাকার কারণে ছয়জন কোনোভাবে বেঁচে গেলেও মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) নামের ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন।

উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে থানচি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল বর্ণিত এলাকায় উদ্ধার অভিযানে যাওয়ার কথা থাকলেও তাদের ডুবুরি না থাকায় যাওয়া হয়নি। তবে ৩৮ বিজিবির অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প হতে ৮ সদস্যের ১টি টহল দল ঘটনাস্থলে গমন করে চারজন পর্যটককে টেন্ডুমুখ বিজিবি নৌ ঘাটে নিয়ে আসে এবং তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বাকি আটজন পর্যটক বড়পাথর সংলগ্ন বাঘের মুখ এলাকায় রিসোর্টে অবস্থান করছে।

উল্লেখ্য, আজ ২৫ জুলাই ২০২৬, ৭টায় থানচি গাইড অফিস থেকে ১২ জন গাইড সদস্য দুটি নৌকাযোগে নিখোঁজ পর্যটককে উদ্ধার করার জন্য বড়পাথর এলাকার রওনা করেছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন