বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফোরামের বিবৃতি

নড়াইলের রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা বন্ধের আহ্বান

নড়াইলের রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা বন্ধের আহ্বান

নড়াইলের রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িক সংঘাত হিসেবে উপস্থাপনের অপচেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য ফোরাম। নড়াইল জেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের প্রায় শতাধিক বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে ঐক্য ফোরাম।

রোববার এক বিবৃতিতে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফোরাম এ আহ্বান জানায়। ঐক্য ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষ ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান এই বিবৃতি দেন।

বিজ্ঞাপন

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, নড়াইল জেলা পুলিশ ও পুলিশ সদর দপ্তরের বক্তব্য অনুযায়ী, শতাধিক হিন্দু বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রচারিত তথ্য সত্য নয়। পুলিশি তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বরের রাজনৈতিক সহিংসতায় দুই ব্যক্তি নিহত হওয়ার পর ২০ নভেম্বর প্রতিশোধমূলক হামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যহীনভাবে শত শত হিন্দু পরিবারের ওপর সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করা অত্যন্ত উদ্বেগজনক।

ঐক্য ফোরাম মনে করে, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয়কে আড়াল করে কোনো রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িক নিপীড়নের রূপ দেওয়া যেমন সত্যের বিকৃতি, তেমনি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিদেশে বিভ্রান্তিকর বয়ান তৈরি করাও দায়িত্বজ্ঞানহীন। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু প্ল্যাটফর্মে যাচাইবিহীন তথ্য প্রচারের প্রবণতা দুই দেশের জনগণের মধ্যে অবিশ্বাস ও বিভ্রান্তি বাড়াতে পারে। ভারতের গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহলের প্রতি আমাদের আহ্বান, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের নীতি অনুসরণ করুন।

নিজেদের অবস্থান পরিষ্কার করে ঐক্য ফোরামের নেতৃবৃন্দ বলেন, অপরাধীর কোনো ধর্ম নেই, তার একমাত্র পরিচয় সে অপরাধী। তাই নড়াইলের ঘটনায় দল-মত-ধর্মনির্বিশেষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে। কোনো রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া কিংবা নিরাপত্তার প্রশ্নকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার স্বচ্ছ তদন্ত প্রতিবেদন প্রকাশের পাশাপাশি পুরোনো ছবি ও এআই-নির্মিত ভিডিও দিয়ে সাম্প্রদায়িক আতঙ্ক সৃষ্টিকারী এবং ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফোরাম কোনো দলের ঢাল বা গোষ্ঠীর প্রতিপক্ষ নয়, বরং আইনের শাসন ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে অবিচল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...