গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ
এমপি সেলিম মোল্লার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ । ছবি: আমার দেশ

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে পেট্রোল বোমা বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুর্বৃত্তরা কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ ঘটনা ঘটায়।

বিজ্ঞাপন

জানা গেছে, সকালে সংঘবদ্ধ হয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়ির সামনে অবস্থান নেয় দুর্বৃত্তরা । এ সময় তার বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। একপর্যায়ে বাড়িতে হামলা চালিয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে, এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখানো জানা যায়নি।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, বেশ কিছু লোক মিছিল নিয়ে এমপি সেলিমুজ্জামানের বাড়ির কাছে এসে পেটোল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এর আগের দিন বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম বাবরের থানাপাড়া আরাফ জেনারেল হাসপাতাল ও ক্লিনিকে তার ব্যক্তিগত অফিসে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে ভাঙচুর করা মালামাল বের করে আগুন ধরিয়ে দেওয়া হয় । তার আগের দিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে গোপালগঞ্জে বিএনপি থেকে নির্বাচিত তিন এমপির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে এতে কেউ আহত হয়েছে কি না, খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামে একটি সুপার সপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

অবরোধকারীরা সারা শহর জুড়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অবরোধ সফল করার পক্ষে শোডাউন করেছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন