আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বোয়ালমারীতে জামায়াতের নির্বাচনি প্রচারণায় বাধা

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

বোয়ালমারীতে জামায়াতের নির্বাচনি প্রচারণায় বাধা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণার মাইকিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ভ্যানচালককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদ শেখ নামে এক জন ভ্যানচালক আহত হয়েছেন। তিনি উপজেলার সাতৈর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা বাচ্চু শেখের ছেলে।

সোমবার (দুপুরে) উপজেলার মুজুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জাহিদ শেখ জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণার মাইক নিয়ে ভ্যানে করে মুজুরদিয়া গ্রামের রাস্তা দিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পার্শ্ববর্তী বেড়াদী গ্রামের বাসিন্দা বিএনপির সমর্থক আনোয়ার ও মনোয়ার নামের দুই ভাই এসে মাইক বন্ধ করতে বলেন। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা জাহিদ শেখকে মারধর করে গুরুতর আহত করেন।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ভ্যানচালককে উদ্ধার করে মুজুরদিয়া বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে যান।

ভ্যানচালক জাহিদ শেখ অভিযোগ করে বলেন, আমি মাইক বাজাতে গেলে আনোয়ার এসে হুমকি দিয়ে বন্ধ করতে বলে। আমি বন্ধ না করায় সে ও তার ভাই মনোয়ার মিলে আমাকে বেধড়ক মারধর করে।

ঘটনার পর অভিযুক্ত আনোয়ার ও মনোয়ারকে তাদের বাড়িতে পাওয়া যায়নি। স্থানীয়ভাবে জানা গেছে, তারা বোয়ালমারীতে বিএনপির একটি সমাবেশে গিয়েছেন। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইলিয়াস মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে। আমাদের প্রচারণার মাইক বাজানো নিয়ে মূলত এই ঘটনা ঘটেছে। আগে এমন ঘটনা ঘটেনি। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

সাতৈর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাফিউল আলম মিন্টু বলেন, এটি জামায়াত বা বিএনপিকে কেন্দ্র করে সংঘটিত কোনো ঘটনা নয়। ভ্যান-চালক মাইকিং করতে গেলে আনোয়ারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এটি অনাকাঙ্ক্ষিত।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) পাঠানো হয়েছে। এটি একটি ফৌজদারি অপরাধ। প্রার্থী বা যে কেউ চাইলে মামলা করতে পারবেন। প্রশাসন এ ধরনের ঘটনা কঠোরভাবে দমন করতে তৎপর রয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন