চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

চাঁদপুরে জুলাই বিপ্লবের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের বেদিতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানায়, দুপুর পৌনে দুইটার দিকে স্মৃতিস্তম্ভের গোড়ার দিকে টায়ারে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই তারা ঘটনাস্থল থেকে সরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্বৃত্তরা হঠাৎ করে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, ঘটনার পর সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের ধরতে পুরো জেলায় পুলিশ কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশনা রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন