অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে ২১ লাখ টাকা আত্মসাৎ করায় তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার তাদের জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে বুধবার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নিতাই ইউনিয়নের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।
তারা হলেন নিতাই কাছারিপাড়া গ্ৰামের সাহাবুল হক (২১), মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্ৰামের হৃদয় ওরফে বকরি ডিপজল ওরফে শিপন (২০) এবং তকেয়াপাড়া গ্ৰামের সুজন (১৯)।
কিশোরগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্প সূত্র জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দিবাগত রাতে যৌথ অভিযানে ওই ৩ ভিসা প্রতারককে গ্ৰেপ্তার করা হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
কিশোরগঞ্জ থানার এসআই কাজী রিপন জানান, গ্ৰেপ্তার ব্যক্তিরা ভিসা প্রতারক। তারা অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কাসবার খাড়েয়া উত্তর বড়ইয়ার বাড়ি গ্ৰামের আব্দুল মান্নানের ছেলে জুয়েল মিয়ার কাছে ২১ লক্ষ ১৬ হাজার টাকা হাতিয়ে নেয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে জুয়েল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় বৃহস্পতিবার মামলা করেন। সে মামলায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে জানান, গ্ৰেপ্তার ব্যক্তিরা ভিসা প্রতারক। তাদেরকে সাইবার সুরক্ষা আইনে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

