রোডক্র্যাশে প্রতিরোধযোগ্য প্রাণহানি ও গুরুতর আঘাত কমাতে দ্রুত একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য, নীতিনির্ধারক, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলেছেন, নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতিসীমা, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল সড়ক ব্যবহার এবং দুর্ঘটনা-পরবর্তী দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
রোববার বিশ্ব রোডক্র্যাশে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, রোডক্র্যাশ কেবল সড়ক বা পরিবহন খাতের সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও উন্নয়নের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রায় ১১ লাখ ৯০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান এবং প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে। ৫ থেকে ৩০ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ রোডক্র্যাশ, যার ৯২ শতাংশই ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সড়ক নিরাপত্তাবিষয়ক ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে ইউরোপীয় অঞ্চলে একই সময়ে মৃত্যুর হার ৩৬ শতাংশ কমেছে। যথাযথ নীতি, আইন, নিরাপদ অবকাঠামো ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সড়কে প্রাণহানি কমানো সম্ভব।
প্রবন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য তুলে ধরে জানানো হয়, দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ২০২৩ সালে ৫ হাজার ৩০৫, ২০২৪ সালে ৫ হাজার ৪৫০ এবং ২০২৫ সালে ৫ হাজার ৪৮৯। এই পরিস্থিতি মোকাবিলায় নিরাপদ সড়ক ব্যবস্থার পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান—নিরাপদ সড়ক অবকাঠামো, নিরাপদ যানবাহন, নিরাপদ গতিসীমা, নিরাপদ সড়ক ব্যবহারকারী এবং দুর্ঘটনা-পরবর্তী কার্যকর সেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
প্রবন্ধে আরও বলা হয়, বাংলাদেশে রোডক্র্যাশের কারণে হাসপাতালগুলোর ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হচ্ছে। ‘Estimating Hospital Burden of Road Traffic Injuries in Bangladesh’ শীর্ষক ২০২৪ সালের গবেষণার তথ্য অনুযায়ী, হাসপাতালের মোট শয্যার গড়ে ১৬ দশমিক ২ শতাংশ রোডক্র্যাশে আহত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। একজন আহত রোগীকে গড়ে ১৬ দিন হাসপাতালে থাকতে হয়। এ সময়ে সরকারি ব্যয় বাদে ব্যক্তিপ্রতি রোগীপিছু গড়ে ৩১ হাজার ৬৮৩ টাকা খরচ হয়, যার মধ্যে রোগ নির্ণয়, ওষুধ, অস্ত্রোপচার, শয্যা, যাতায়াত এবং রোগীর সঙ্গে থাকা ব্যক্তির খাবার ও আবাসনের ব্যয় অন্তর্ভুক্ত।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, রোডক্র্যাশে মৃত্যু ও গুরুতর আঘাতের বড় অংশই প্রতিরোধযোগ্য। তাই দুর্ঘটনার পর চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করা গেলে প্রাণহানি কমানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার ওপর চাপও কমবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান বলেন, সড়ক দুর্ঘটনায় তাঁদের তিনজন প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকের মৃত্যু মানবিক সহায়তা কার্যক্রমের জন্য এক অপূরণীয় ক্ষতি। গত ২৩ অক্টোবর ফরিদপুরের মধুখালী-কানাইপুর সড়কে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে নূর মোহাম্মদ আরিক, মোহাম্মদ রাব্বি হোসেন ও তামান্না তাবাসসুম ঐশী নিহত হন। তাঁরা একটি ভিবিডি কার্যক্রমে অংশ নিয়ে মাগুরায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তিনি প্রতিটি গুরুতর দুর্ঘটনার যথাযথ তদন্ত, দায় নির্ধারণ এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, রোডক্র্যাশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সরকার একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে। এ আইন কার্যকর হলে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধারকাজে এগিয়ে আসা ব্যক্তিদের আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে। তিনি পরিবহন শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রোডক্র্যাশে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারি ট্রাস্ট ফান্ডের সহায়তার বিষয়টি জানানোর ওপর গুরুত্বারোপ করেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (রোড সেফটি) মো. জিয়াউর রহমান ও ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের ম্যানেজার খালিদ মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, জাতিসংঘের ‘গ্লোবাল প্ল্যান ফর দ্য সেকেন্ড ডিকেড অব অ্যাকশন ফর রোড সেফটি ২০২১-২০৩০’-এর লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনতে হবে। এই লক্ষ্য অর্জনে বাংলাদেশে সেফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়ন, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত এবং দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার ও চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


