মাদরাসা অফিস কক্ষে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

মাদরাসা অফিস কক্ষে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

লক্ষ্মীপুরের কমলনগরে আক্তার হোসেন মিলন নামে এক আওয়ামী লীগ নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তবে তার যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে উপজেলার হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অফিস কক্ষে। এমপিওভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষে এ ধরনের রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে সমালোচনা দেখা দিয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মাদরাসার অফিস কক্ষে জামায়াতের নেতাদের উপস্থিতিতে আক্তার হোসেন মিলন যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে বক্তব্য জানতে হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে মাদরাসার দুই শিক্ষক জানান, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ নেই। মাদরাসার অফিস কক্ষে এক রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে যোগদানের আয়োজন করাও রাজনৈতিক কর্মসূচির অংশ। ঘটনার সময় মাদরাসার অধ্যক্ষ নিজেও উপস্থিত ছিলেন বলে তারা দাবি করেন।

কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষ রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য নয়। মাদরাসার কক্ষে এ ধরনের কর্মসূচি পালন করা ঠিক হয়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, বুধবার বিকেলে হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অফিস কক্ষে জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যার উপস্থিতিতে আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মিলন জামায়াতে যোগদানের ফরম পূরণ করেন। পরে তিনি পূরণ করা ফরম জামায়াত নেতাদের হাতে তুলে দেন। এ সময় জামায়াত নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

আক্তার হোসেন মিলন হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিনবার নির্বাচন করেছেন, তবে কোনোবারই জয়লাভ করতে পারেননি।

যোগদান অনুষ্ঠানে হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, বর্তমান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, জামায়াতের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির এবং মাতাব্বরনগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলী হোসাইন উপস্থিত ছিলেন।

কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির বলেন, “মিলন জামায়াতে ইসলামী আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। জামায়াত তা সাদরে গ্রহণ করেছে।”

এ বিষয়ে সদ্য জামায়াতে যোগ দেওয়া আক্তার হোসেন মিলন বলেন, “এখন বয়স হয়েছে। বাকি জীবন জামায়াতের সঙ্গে কাটাতে চাই। এখানে আমার ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই।”

তিনি আরও বলেন, “অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে সভাপতি পদ দেওয়া হয়েছিল। ওই পদের কোনো সুফল আমি নিইনি। কয়েকদিন পর কাউন্সিলের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের ভাই মোয়াজ্জেম হোসেনকে সভাপতি করা হয়।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন