ফরিদপুরের সালথায় স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জান্নাতি আক্তার নামের ৫ বছরের এক শিক্ষার্থী মারা গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের বড়বাংরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতি স্থানীয় বড়বাংরাইল পশ্চিমপাড়ার ইলিয়াস মুন্সির মেয়ে ও বড়বাংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। এই ঘটনার পর ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, জান্নাতি আক্তার কয়েকজন সহপাঠীদের সঙ্গে স্কুলে যাচ্ছিল। হটাৎ করে সেলিম মুন্সির ছেলে সজীব মুন্সি (দ্রুত গতিতে ফুলবাড়িয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় সজিবের মোটরসাইকেল জান্নাতিকে পেছন থেকে ধাক্কা মারে। এতে জান্নাতি রাস্তার উপর পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। তাকে ফুলবাড়িয়া বাজার এবং পরে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতিকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এই বিষয়ে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

