বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নাম করে শুধু লুটপাট করেছে। বরাদ্দের সব টাকা তাদের নেতাকর্মীরা ভাগভাটোয়ারা করে নিয়েছে। সাধারণ জনগণ কিছুই পায়নি। আওয়ামী লীগের একজন বস্তির নেতাও কোটি টাকার মালিক।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিশ্বনাথে এক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইলিয়াস আলীর সহধর্মিণী আরও বলেন, লুটপাটের পর দেশে যা ছিল বাকিটুকু ভারতের কাছে বিক্রি করে দিয়েছে হাসিনা। এখন আমরা শূন্য। ছাত্রদের আন্দোলনে আমরা ফ্যাসিস্টমুক্ত হয়েছি। সেই ফ্যাসিস্টদের এখন বিচার করতে হবে। যারা লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। আর যারা জেলহাজতে আছে বিচার শেষ না পর্যন্ত তাদের জামিন যাতে না হয়।
উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদল নেতা তাজুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ খান।
অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিনের অর্থায়নে পৌরসভার ৯নং ওয়ার্ডের গরীব, অসহায় ৭৮৫ পরিবারকে রমজানের খাদ্য সামগ্রী ও ৪০টি পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

