জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

সিলেট ব্যুরো

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের
ভারতে নিখোঁজ ডিপজল আহমদ । ছবি: আমার দেশ

সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের তিন দিন পরও ডিপজল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবকের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় বৃহস্পতিবার বিজিবি ও বিএসএফের আড়াই ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও নিখোঁজ যুবকের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি বিএসএফ।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রাম গ্রামের বাসিন্দা ডিপজল আহমদসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ফেরার পথে বিএসএফ সদস্যদের ধাওয়ার মুখে অন্যরা বাংলাদেশে ফিরে এলেও ডিপজল নিখোঁজ হন।

ডিপজলের সঙ্গে থাকা ব্যক্তিদের দাবি, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ।

ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা মঙ্গলবার ভারতের এক নাগরিককে বাংলাদেশে নিয়ে আসেন। পরে বুধবার তাকে বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার গণমাধ্যমকে জানান, ডিপজলের নিখোঁজ হওয়ার ঘটনায় বিএসএফের সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত আড়াই ঘণ্টার বৈঠকে বিএসএফ জানিয়েছে, সীমান্তের ওপারে কোনো গুলির ঘটনা বা ডিপজলের নিখোঁজ হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

তিনি বলেন, ‘ডিপজলের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিএসএফও জানিয়েছে, তারা বিষয়টি অনুসন্ধান করবে।’

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী দাবি করেন, ‘বিএসএফ প্রথমে লাশ হস্তান্তরের কথা বলেছিল। কিন্তু তাদের নাগরিককে ফেরত দেওয়ার পর তারা সেটি অস্বীকার করছে।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিজিবির সঙ্গে বিএসএফের বৈঠক হলেও তারা কোনো হদিস দিতে পারেনি। এতে সন্ধ্যায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। শুক্রবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করবেন।’

এদিকে জকিগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের কাছ থেকে একজন বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার দাবির কথা শোনা গেলেও এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন