শক্তিশালী মার্কিন ডলার এবং সুদের হার নিয়ে মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থানের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে।
শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৮ শতাংশ কমে ৪ হাজার ১৭৪.৫০ ডলার এবং মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১.২ শতাংশ কমে ৪ হাজার ১৯২.৮০ ডলারে নেমে আসে।
রয়টার্সকে ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস বলেন, দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় থাকায় সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। ফলে আউন্সপ্রতি দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যাওয়ার ঝুঁকিও রয়েছে।
এদিকে, ফেডের সর্বশেষ পূর্বাভাসে চলতি বছর আরও সুদের হার বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে গোল্ডম্যান স্যাকস ডিসেম্বরের জন্য স্বর্ণের মূল্য পূর্বাভাস কমিয়ে প্রতি আউন্স ৪ হাজার ৯০০ ডলার করেছে, যদিও দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানটি স্বর্ণের বাজার নিয়ে ইতিবাচক রয়েছে।
অন্যদিকে, দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা অপরিবর্তিত রয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি শেষ দিকে ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরাইল ওপর হামলা চালানোর পরপরই স্বর্ণের ওপর চাপ তৈরি হয়। যুদ্ধ শুরুর আগে গত ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৩০৩ ডলারে পৌঁছালেও সবশেষ শুক্রবারে (১২ জুন) তা নেমে এসেছে ৪ হাজার ২৩৫ ডলারে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


