কুমিল্লা-০৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কুমিল্লা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন বলেছেন, ধানের শীষের পক্ষে এলাকায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষের ভোটের বিপ্লব হবে ইনশাআল্লাহ।
সোমবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় নির্বাচনী প্রচারকালে তিনি এসব কথা বলেন।
হাজী জসিম উদ্দিন বলেন, “দীর্ঘ ত্রিশ বছর ধরে আমি এই জনপদের মানুষের পাশে ছিলাম। আজ দল-মত নির্বিশেষে মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে। ধানের শীষের ডাকে তারা সাড়া দিচ্ছে, এতে আমি আশাবাদী।”
তিনি আরও বলেন, “বিএনপির কেন্দ্রীয় ৩১ দফার বাইরেও আমি এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করেছি। গত ১৭ বছরের অবহেলায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। মানুষের দুর্ভোগ কমাতে আমি নিজ উদ্যোগে অনেক জায়গায় রাস্তা মেরামত করেছি।”
নির্বাচিত হলে প্রথম কাজ হিসেবে এলাকার রাস্তাঘাট নির্মাণ ও যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রসঙ্গে হাজী জসিম উদ্দিন বলেন, “আমার আসনে জামায়াতে ইসলামীর যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাকে এই এলাকার মানুষ ভালোভাবে চেনে না। আমি দীর্ঘ ৩০ বছর মানুষের পাশে ছিলাম, আর মানুষ তাকে দেখছে মাত্র দুই বছর ধরে। আমি তাকে কোনো চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি না। আমি চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে কোনো ধরনের ভোট কারচুপির অভিযোগ থাকবে না।”
তিনি অভিযোগ করে বলেন, “আমরা শুনতে পাচ্ছি একটি পক্ষ প্রিসাইডিং অফিসারদের নিজেদের পক্ষে কাজ করানোর চেষ্টা করছে। আমি আমার নেতাকর্মী ও মহিলা কর্মীদের স্পষ্টভাবে বলে দিয়েছি—আপনারা কোনো ভয় পাবেন না, সাহসের সঙ্গে মাঠে থাকবেন।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

