ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দেড় লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল পরিবহনের দায়ে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জাল সংরক্ষণের একটি গোডাউন সিলগালা করে দেওয়া হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নৌবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার নৌবাড়িয়া গ্রামের অনিলের ছেলে মিলন (৩৬)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলী আজম এবং ভাঙ্গুড়া থানার এসআই এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় অভিযান চালিয়ে তিন বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

একই সঙ্গে নিষিদ্ধ জাল পরিবহনের দায়ে মিলনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং জাল মজুত রাখার গোডাউনটি সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার ও পরিবহন মৎস্যসম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাল জব্দ, ধ্বংস এবং জরিমানা করা হয়েছে।"

তিনি আরও জানান, অভিযানের সময় জালের মূল ব্যবসায়ী হরিপদকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন