লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এবারের পরীক্ষায় বিদ্যালয়টি থেকে অংশ নেওয়া ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জনই বৃত্তি লাভ করেছে। এতে বিদ্যালয়ের সাফল্যের হার দাঁড়িয়েছে ৯২ দশমিক ৩০ শতাংশ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম হোসেন জানান, বৃত্তিপ্রাপ্ত ১২ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন ট্যালেন্টপুল এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এটি অত্যন্ত গৌরবের অর্জন।
তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাবে।
বিদ্যালয়ের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। তারা জানান, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের কারণে বিদ্যালয়টি এলাকায় শিক্ষার ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামসুর রহমান শামীম বলেন, “শিক্ষার্থীদের এই কৃতিত্বে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা চাই ভবিষ্যতেও বিদ্যালয়টি ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে এলাকার শিক্ষার মান আরও উন্নত করবে।”
তিনি কৃতী শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন জানিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী দিনেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

