ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ ট্যাক্স টোকেনধারী যানবাহনের বিরুদ্ধে সরকার যখন কঠোর অবস্থানে, ঠিক সে সময় ঢাকার ধামরাই সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য গত বুধবার উদ্বোধন করা হয়েছে দুটি পরিবহন বাস। এগুলোর ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও সচেতন মহল।
ঐতিহ্যবাহী ধামরাই সরকারি কলেজে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৫৪ বছর পর প্রথমবারের মতো দুটি দ্বিতল বাসের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। ধামরাইয়ের কাওয়ালীপাড়া থেকে একটি ও সাভারের জিরানী থেকে আরেকটি বাস চলাচল করবে।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে ধামরাই সরকারি কলেজ কর্তৃপক্ষ ‘বংশাই’ ও ‘তারুণ্য’ নামে দুটি বাসের ব্যবস্থা করেছে। বাস দুটি চালু হওয়ায় শিক্ষার্থীরা একদিকে আনন্দিত হলেও অন্যদিকে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
শিক্ষার্থীদের দাবি, বাস দুটিকে শুধু বাহ্যিক রঙ ও সংস্কার করে উদ্বোধন করা হয়েছে। গাড়িগুলোর ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ থাকায় এসব বাসে চলাচল করা ঝুঁকিপূর্ণ। তারা দ্রুত বৈধ কাগজপত্র ও হালনাগাদ ফিটনেস সনদযুক্ত বাসের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পরিবহন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর মো.শফিউল্লাহ বলেন, বাস দুটির ফিটনেস ও ট্যাক্স টোকেনের মেয়াদোত্তীর্ণ থাকার বিষয়টি তার জানা ছিল না। যদি এমন হয়ে থাকে তাহলে আমরা বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।
এ বিষয়ে ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলী বলেন, শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থার জন্য ৩৪টি শর্ত দিয়ে একটি চুক্তি হয়েছে বিআরটিসির সঙ্গে। বিআরটিসি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান, তারা যাচাই-বাছাই ছাড়া আমাদের এ গাড়ি দুটি দেবে তা তো আমরা কল্পনা করতে পারি না। নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার রেখে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থায় যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়টি আমরা দেখব।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

