নানির সঙ্গে গোসলে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল নাতির

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

নানির সঙ্গে গোসলে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল নাতির
ছবি: আমার দেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদরাসা থেকে ফিরে নানির সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে নাঈমুল ইসলাম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈমুল ইসলাম সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকখালী গ্রামের ইমাম হোসেনের ছেলে। সে সৈদালী নূরানী মডেল মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

স্বজনরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও মাদরাসা থেকে বাড়ি ফিরে নানির সঙ্গে পুকুরে গোসল করতে যায় নাঈমুল।

গোসল শেষে নানি তাকে ঘরে চলে যেতে বললেও সবার অগোচরে সে আবার পুকুরের পানিতে নেমে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া শিল্পী জানান, পানিতে ডুবে যাওয়া অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি বলেন, মিরসরাইয়ে সাম্প্রতিক সময়ে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এ ধরনের দুর্ঘটনা রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়া, শিশুদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা এবং ছোটবেলা থেকেই সাঁতার শেখানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন