বান্দরবানের বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীর জরুরি মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানের বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীর জরুরি মতবিনিময় সভা
ছবি: আমার দেশ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বান্দরবানের সাত উপজেলার সার্বিক ক্ষয়ক্ষতি, পুনর্বাসন কার্যক্রম এবং জরুরি অবকাঠামো পুননির্মাণ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অহিদুল ইসলারের সঙ্গে রুদ্ধদ্বার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শেষ হয় রাত সাড়ে ১০টায়। জেলা প্রশাসনের জারি করা এক নোটিশে জানানো হয়, চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলা বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করতে প্রতিমন্ত্রী বান্দরবান সফর করেন।

বিজ্ঞাপন

সভার শুরুতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস সাম্প্রতিক বন্যায় জেলার সাতটি উপজেলার ক্ষয়ক্ষতির বিস্তারিত চিত্র প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু-কালভার্ট, বিদ্যুৎ অবকাঠামো, কৃষি, শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি ও প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়গুলো উপস্থাপন করেন।

এরপর প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে বন্যা-পরবর্তী পুনর্বাসন, অবকাঠামো পুনর্গঠন এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেন।

রুদ্ধদ্বার এ বৈঠকে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা, বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মুহাম্মদ রুবায়াত জামিল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজাসহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্র জানায়, সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পুনর্বাসন কার্যক্রম জোরদার করা, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুননির্মাণ, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করা এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসনের নোটিশ অনুযায়ী, বান্দরবানের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...