রংপুরে ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

রংপুরে ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রংপুর-লালমনিরহাট রুটে প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়ে যাত্রীরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।

বিজ্ঞাপন

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাবুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুড়িমারী থেকে পার্বতীপুরে যাওয়ার পথে এলআর ট্রেনের একটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেললাইনের পাথর ও কাঠের স্লিপার নাজুক অবস্থায় রয়েছে। লাইনে পর্যাপ্ত পাথর না থাকায় এবং স্লিপারগুলো পচে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে দাবি করেন তারা।

ট্রেনের যাত্রী নূর মোহাম্মদ লালমনিরহাট থেকে রংপুরে আসছিলেন। তিনি বলেন, ট্রেনের গতি বেশি থাকলে স্প্রিং ভেঙে পেছনের বগিগুলো সামনে চলে আসতে পারত। তবে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। তার ভাষায়, আল্লাহ সবাইকে রহমত করেছেন। ট্রেনের গতি স্বাভাবিক ছিল এবং স্টেশনে দাঁড়ানোর জন্য যতটুকু গতি প্রয়োজন, ততটুকুই ছিল বলেও জানান তিনি।

নূর মোহাম্মদ আরো বলেন, বিভাগীয় শহরের প্রধান রেলস্টেশন রংপুরে দুটি লাইন প্রস্তুত থাকলেও আরেকটি লাইনের অবস্থা খুবই খারাপ। কার্ডগুলো পচে গেছে এবং লাইনে পাথর নেই। ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে কমপক্ষে তিন-চারটি লাইন প্রস্তুত রাখা প্রয়োজন। আজকের ঘটনার জন্য রেল কর্তৃপক্ষ দায়ী বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, চাকা স্লিপ করে ইঞ্জিন ও একটি বগি লাইন থেকে পড়ে গেছে। বর্তমানে এগুলো উদ্ধারে কাজ করছেন সংশ্লিষ্টরা। লাইনের মধ্যে পর্যাপ্ত পাথর না থাকায় এ ঘটনা ঘটতে পারে বলে দাবি করেন তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

রংপুর রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, বুড়িমারী থেকে পার্বতীপুরগামী এলআর ট্রেনটির তিন নম্বর লাইনে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সাময়িকভাবে ৩০-৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরো বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। উদ্ধারকাজ শেষ হলে এই রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে।

লালমনিরহাট অঞ্চলের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ধীমান ভৌমিক জানান, লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের কাজ চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ফারুকুল ইসলাম মানিককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন