রংপুরে আইনশৃঙ্খলা, মাদক ও যানজট নিরসনে এমপি বেলালের গুরুত্বারোপ

রংপুরে আইনশৃঙ্খলা, মাদক ও যানজট নিরসনে এমপি বেলালের গুরুত্বারোপ

রংপুর মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক কারবার নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে পুলিশের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় একজন সংসদ সদস্য হিসেবে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুযায়ী প্রাপ্য প্রটোকল ও সম্মান নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরেন মাহবুবুর রহমান বেলাল। এ ক্ষেত্রে প্রশাসনিক যেসব ঘাটতি রয়েছে, সেগুলো পূরণে সংশ্লিষ্টদের মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

মাদক নিয়ন্ত্রণের বিষয়ে সংসদ সদস্য বলেন, শুধু মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হবে না; মাদকের উৎস চিহ্নিত করে এর পেছনে থাকা কারবারিদের আইনের আওতায় আনতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মহানগরের যানজট সমস্যা নিরসনে কামারপাড়া বাসস্ট্যান্ড অন্যত্র স্থানান্তরের বিষয়টি তুলে ধরেন সংসদ সদস্য। পাশাপাশি অবৈধ বালু পয়েন্টের বিরুদ্ধে পুলিশের দৃশ্যমান অভিযান পরিচালনা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ) মাহফুজুর রহমান এবং উপপুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়াবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, পরশুরাম থানা জামায়াতের আমির অ্যাডভোকেট মাহবুব আলম এবং মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংসদ সদস্যের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। তিনি সংসদ সদস্যের প্রটোকল নিশ্চিত করার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন