গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ পেয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পরিদর্শনে গিয়ে প্রধান ফটকসহ পুরো কেন্দ্র তালাবদ্ধ দেখতে পান তিনি। কিছুক্ষণ অপেক্ষার পর দেয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন সংসদ সদস্য। এ সময় কোনো চিকিৎসক বা মেডিকেল অফিসারকে পাওয়া যায়নি। কয়েকজন স্বাস্থ্যকর্মীকে ভেতরে বসে গল্প করতে দেখা যায় বলে জানান তিনি।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘এখানে কোনো স্বাস্থ্যকর্মী নেই, চিকিৎসক নেই, মেডিকেল অফিসারও নেই। কয়েকজন কর্মচারী ভেতরে বসে গল্প-আড্ডায় মেতেছেন।’ বিষয়টি নিয়ে মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
প্রধান ফটকের চাবি সঙ্গে না থাকার বিষয়ে ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং ইনস্পেক্টর হাসান আল মামুন বলেন, ‘চাবি ভুলবশত বাড়িতে রেখে এসেছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আপেল মাহমুদ জানান, স্বাস্থ্যকেন্দ্রটির পাঁচটি পদের বিপরীতে বর্তমানে কোনো জনবল নেই। কয়েকজন মাঠকর্মী মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করেন বলেও জানান তিনি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-fdb961-720x405.webp)