ওসিকে ‘উলঙ্গ করে তাড়িয়ে’ দেয়ার হুমকি, পদ হারালেন বিএনপি নেতা

ওসিকে ‘উলঙ্গ করে তাড়িয়ে’ দেয়ার হুমকি, পদ হারালেন বিএনপি নেতা

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হককে ‘উলঙ্গ করে’ এলাকা থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন। এই ঘটনার জেরে বিএনপির সব ধরনের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার দুপুরে মহেশখালী পৌরসভার দীঘির পাড়ে একটি স্মরণসভায় আকতার হোসেন প্রকাশ্যে ওসিকে উদ্দেশ করে বলেন, “ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন। ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে।”

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা ওসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, ‘মামলা বাণিজ্য’ এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, থানার ওসির চেম্বার এখন ‘টাকার বিনিময়ে মামলা নেওয়ার দোকানে’ পরিণত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামীকাল থেকে যদি আপনার বিরুদ্ধে একটা অভিযোগও আসে, মহেশখালী থেকে বের করে দেব।”

আকতার হোসেন আরও বলেন, ওসি আওয়ামী লীগের প্রভাবশালী মহলের সঙ্গে মিলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, “আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোসরদের সাথে তাল মিলিয়ে চলা যাবে না। আল্লাহর কসম করে বলছি, ন্যাংটা করে মহেশখালী ছাড়তে বাধ্য করব।”

সভায় উপস্থিত অন্য বিএনপি নেতাকর্মীরাও ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

চলতি বছরের ২০ মে মহেশখালী থানায় যোগ দেয়া ওসি মনজুরুল হক এই অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তিনি এখনও ওই বক্তব্যের ভিডিও দেখেননি বা শোনেননি। তার বিরুদ্ধে আনা ‘মামলা বাণিজ্য’ ও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের অভিযোগ তিনি মিথ্যা বলে দাবি করেন।

এদিকে, এই হুমকির ঘটনা এবং ‘সংগঠনবিরোধী কার্যকলাপের’ অভিযোগে আকতার হোসেনের সব পদ স্থগিত করেছে বিএনপি।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি দেওয়া এবং সংগঠনবিরোধী কার্যলাপের জন্য আকতার হোসেনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত' স্থগিত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন