কাপাসিয়ায় উপজেলা যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ

কাপাসিয়ায় উপজেলা যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলবুলের বাড়িতে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে দুর্বৃত্তরা তার বাড়ি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা ছুড়ে মারে। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঘরের ভেতরে অবস্থান করছিলেন। ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিক্ষেপ করা দুটি পেট্রোল বোমার মধ্যে একটি বসতঘরের জানালার গ্রিলে আঘাত করে বিকট শব্দে বিস্ফোরিত হয়। অপরটি বাড়ির আঙিনায় পড়ে থাকে। বিস্ফোরণের শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায় এবং তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়। বুধবার সকালে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান, কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ, পরিদর্শক (তদন্ত) মো. যোবায়ের আহমেদ ও পরিদর্শক (অপারেশন) মো. বাছেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, অ্যাডভোকেট আজিজুল হক বাবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলবুল বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে উপজেলা বিএনপির কর্মসূচি শেষে রাতে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থান করছিলাম। রাত প্রায় ১টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে বের হয়ে দেখি সেভেন আপের কাঁচের বোতল সদৃশ দুটি পেট্রোল বোমা পড়ে আছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে তারা এসে আলামত সংগ্রহ করে নিয়ে যায়।’

অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

এ ঘটনায় ফরিদুল আলম বুলবুল বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। তিনি দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, এর এক সপ্তাহ আগে কাপাসিয়া উপজেলার ভাকোয়াদী গ্রামে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানার বসতবাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন