বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

হাসিনার পাসপোর্ট পাওয়া কীভাবে বিবেচিত হচ্ছে, তা স্পষ্ট করতে হবে

হাসিনার পাসপোর্ট পাওয়া কীভাবে বিবেচিত হচ্ছে, তা স্পষ্ট করতে হবে
ছবি: আমার দেশ

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ পান, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এবং যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাঁর পাসপোর্ট ও এনআইডি পাওয়ার বিষয়টি কীভাবে বিবেচিত হচ্ছে, তা স্পষ্ট করতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপর তিনি দেশ ছেড়ে চলে যান। এখন তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনের বিষয়টি কীভাবে বিবেচনায় আসছে, সেই প্রশ্নের জবাব দিতে হবে।

সাবেক আইনমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার শাসনামলে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। তখন বলা হয়েছিল, পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার করা যায় না। অথচ এখন শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির বিষয়টি সামনে আসছে। তিনি বলেন, তারেক রহমান নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার প্রয়োজনে দেশ ছেড়েছিলেন। আর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

রিজভী আরও বলেন, আবু সাঈদ, মুগ্ধ, আহনাফসহ ১ হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের বিচার নিশ্চিত করতে হবে। মানবতাবিরোধী অপরাধের বিচার আইন ও সংবিধান অনুযায়ী করতে হবে। জনগণের সামনে প্রকৃত সত্য উন্মোচন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন