ব্যাংক হিসাব জব্দ, সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ মেজর আখতারের

ব্যাংক হিসাব জব্দ, সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ মেজর আখতারের

‘আমি এখন খাব কী? চলবে কী করে? নিজের পেনশনের টাকাও তুলতে পারব না। আমাকে কি এখন না খেয়ে থাকতে হবে?’—এমন প্রশ্ন তুলে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব জব্দের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য, জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, তার ও পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এতে কোম্পানির শ্রমিকদের বেতন পরিশোধ, নিজের পেনশনের টাকা উত্তোলনসহ দৈনন্দিন জীবনযাপন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

ফেসবুক লাইভে আখতারুজ্জামান রঞ্জন বলেন, ঢাকা বিমানবন্দরে প্রতিবাদ করার কারণে গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তার ব্যাংকে যাওয়া হয়নি। গত ৮ নভেম্বর ব্যাংকের চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে জানতে পারেন, হিসাব থেকে টাকা তোলা যাচ্ছে না। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ব্যাংকে গিয়ে জানতে চাইলে ব্যাংকের ব্যবস্থাপক তার হাতে একটি চিঠি ধরিয়ে দেন।

তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৬ অক্টোবর সোনালী ব্যাংকে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর তার, পরিবারের সদস্যদের এবং কোম্পানির নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

ব্যাংক হিসাব জব্দের কারণে আর্থিক সংকটের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার এত প্রতিহিংসাপরায়ণ হয়েছে যে, এখন আমাকে ভাতে মারবে, পানিতে মারবে। আমার কোম্পানিতে প্রতিদিন শ্রমিকদের বেতন দিতে হয়। এখন তাদের বেতন কীভাবে দেব? নিজের পেনশনের টাকাও তুলতে পারব না। তাহলে আমার চলবে কীভাবে?’

তিনি আরো বলেন, তার হালনাগাদসহ ট্যাক্সের ফাইল জমা দেওয়া আছে। এরপরও তাঁদের ব্যাংক হিসাব কেন জব্দ করা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ব্যাংক হিসাব জব্দের ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিজের ও পরিবারের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন