তিনদিন ধরে সমুদ্রে ভাসতে থাকা বোটের ১৪ জেলেকে জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

তিনদিন ধরে সমুদ্রে ভাসতে থাকা বোটের ১৪ জেলেকে জীবিত উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২১ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত টানা ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক পানিসীমায় সব ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে আসছে।

তার দেয়া তথ্যমতে, গভীর সমুদ্রে টহলে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ 'জয় বাংলা' বৃহস্পতিবার সকাল ১০টায় রাডার কন্টাক্টের মাধ্যমে একটি বোটকে সমুদ্রে ভাসমান অবস্থায় শনাক্ত করে। পরে ওই বোটের পাশে গেলে জানা যায়- ৫৮ দিন মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে বোটটি গত ১৮ মে লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল থেকে মৎস্য আহরণের জন্য সমুদ্রে গিয়েছিল। পরে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে বোটটি কুতুবদিয়ার পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় ভাসতে থাকে। কোস্ট গার্ড জাহাজ ওই বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে। পরে তাদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

উদ্ধার করা বোট ও জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন