কেন্দুয়ায় বিলে বিষ প্রয়োগে মাছ নিধন, ক্ষতি ১২ লাখ টাকা

কেন্দুয়ায় বিলে বিষ প্রয়োগে মাছ নিধন, ক্ষতি ১২ লাখ টাকা
ছবি: আমার দেশ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের গিলান্দর বিলে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত তিন দিন ধরে বিলে মাছ মরে ভেসে উঠছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

পাঁচ একর আয়তনের বিলটি গ্রামবাসী দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন এবং প্রতি বছর ডাকের মাধ্যমে লিজ দেন। এ বছর আবু কাইয়ুম ভূইয়া সর্বোচ্চ ২ লাখ ৫৫ হাজার টাকায় বিলটি লিজ নেন।

বিজ্ঞাপন

পাশাপাশি আরেকটি ডোবা ৭২ হাজার টাকায় লিজ নেন তিনি। পরে ১৫ জনকে শেয়ারহোল্ডার করা হয়। একজন পাহারাদার রেখে মাছের পরিচর্যা চলছিল এবং মাছ বিক্রির উপযোগী হয়ে উঠছিল।

গত ২৯ অক্টোবর সন্ধ্যায় বিলপাড়ে ইদ্রিস মিয়া নামে একজনকে ঘোরাঘুরি করতে দেখেন পাহারাদার হায়দার আলী। পরদিন সকাল থেকেই মাছ মরে ভেসে উঠতে শুরু করে। পুঁটি, ভেদা, টেংরা, টাকিসহ অধিকাংশ মাছ মারা যায়; কার্প, বোয়াল, শোল ও গজারও তলিয়ে যাচ্ছে। সরজমিনে বিলের পানিতে কীটনাশকের খোলা প্যাকেট ভাসতে দেখা গেছে।

শেয়ারহোল্ডাররা জানান, ঋণ করে বিনিয়োগ করে ১০-১২ লাখ টাকার মাছ বিক্রির আশা ছিল, যা এখন শেষ। ভুক্তভোগীদের অভিযোগ, শত্রুতাবশত স্থানীয় একটি কুচক্রী মহল এ ঘটনা ঘটিয়েছে। আবু কাইয়ুম ভূইয়া জানান, তিনি উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করবেন এবং গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী থানায় লিখিত অভিযোগ দেবেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন