এইচএসসিতে ফল বিপর্যয়

মোহনগঞ্জে একমাত্র জিপিএ-৫ মেঘার

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোণা)

মোহনগঞ্জে একমাত্র জিপিএ-৫ মেঘার
উপজেলায় একমাত্র জিপিএ-৫ অর্জনকারী মাইমুনা ইসলাম মেঘা। ছবি: আমার দেশ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মোহনগঞ্জে ফল বিপর্যয়ের মধ্যেও ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে মোহনগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মাইমুনা ইসলাম মেঘা। উপজেলার প্রধান তিন কলেজের মধ্যে একমাত্র সেই জিপিএ-৫ অর্জন করেছে।

বিজ্ঞাপন

মেঘা মোহনগঞ্জ পৌরসভার বাত্তারগাতি দারোগা বাড়ির সাইফুল ইসলাম মন্টুর মেয়ে।

মেঘার এই সাফল্য প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির বলেন, মেয়েটিকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সে অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী। উল্লেখযোগ্য বিষয় হলো, তার নিজস্ব কোনো স্মার্টফোন নেই। আমি তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

মেঘার পিতা সাইফুল ইসলাম মন্টু বলেন, আমার মেয়ে বাত্তারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা এবং মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমি পেশায় একজন ইলেকট্রিশিয়ান, বৈদ্যুতিক ওয়ারিং ও পানি সাপ্লাই সংযোগের কাজ করি। মেয়ের এই ফলাফলের জন্য প্রথমে আল্লাহ তায়ালার অশেষ কৃপা এবং তার মায়ের অবদান সবচেয়ে বেশি। আমার দুই মেয়ে, ছোট মেয়ে মাদ্রাসায় ১ম শ্রেণিতে পড়ে।

উল্লেখ্য, এবার মোহনগঞ্জ উপজেলায় মোট ১০৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৩৮৯ জন, পাসের হার ৩৬.৬৯%। আর পুরো নেত্রকোণা জেলায় মোট ১৩৯১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৮৭৩ জন, গড় পাসের হার ৪৩.৯১%। জেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭০ জন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন